সিবি ডেক্স: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও শপথবিহীন অবস্থায় থাকা বিএনপি নেতা ইশরাক হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “অবিলম্বে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে, শহীদ মিনারে নিজেই শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসব।” মঙ্গলবার (৩ জুন) বিকেলে নগর ভবনের দ্বিতীয় তলায় সমর্থকদের সামনে দাঁড়িয়ে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক অভিযোগ করেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্টভাবে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটকে অগ্রাহ্য করে সংবিধান লঙ্ঘন করেছে। সরকার আইন, আদালত, সংবিধান— কিছুই মানে না।” তিনি প্রশ্ন তোলেন, “তাহলে মানুষ কেন তাদের মানবে?”
সরকারের পদত্যাগ নাটককে জনগণকে ব্ল্যাকমেইল করার কৌশল বলে অভিহিত করে ইশরাক বলেন, “রাষ্ট্র পরিচালনায় আবেগের স্থান নেই। ক্ষমতায় থাকতে চাইলে দায়িত্ব নিতে হবে।” তিনি দাবি করেন, সরকার তাদের দলের মনোনীত তিনজন উপদেষ্টার অপসারণেও কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি আরও বলেন, “আমরা বারবার নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। নিয়ম মেনেই এগিয়েছি। তবুও সরকার যদি শপথ না করায়, আমি জনগণকে সঙ্গে নিয়ে মেয়রের চেয়ারে বসব। দুই মিনিট সময়ও লাগবে না।”
ইশরাক জানিয়েছেন, ঈদের আগে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নগর ভবন ঘেরাও কর্মসূচিতে সাময়িক বিরতি দিয়েছেন তারা। তবে ঈদের পর শপথ সংক্রান্ত বিষয়ে সরকার নির্দিষ্ট সিদ্ধান্ত না জানালে ‘দুর্বার আন্দোলন’-এর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সরকারের উপদেষ্টা ও প্রশাসনের কাউকে নগর ভবনে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “নগর ভবনের কার্যক্রম এখন থেকে আমাদের অনুমতি সাপেক্ষেই চলবে। প্রয়োজনে ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসানো হবে।”
উল্লেখ্য, ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসকে পরাজিত ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও, হাই কোর্টে একটি রিট দায়েরের পর থেকে তার শপথ অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
0 Comments