ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শেখ হাসিনার ফেরতের বিষয়ে ভারতের কোনো সাড়া নেই, সীমান্ত হত্যায় কঠোর অবস্থানে বাংলাদেশ

সিবি ডেক্স: ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, ভারতের কাছে প্রথম চিঠি পাঠানো হলেও তারা এখনো কোনো উত্তর দেয়নি। দ্বিতীয় চিঠি পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। তিনি আরও জানান, ‘ভারত থেকে পুশইন ঠেকানো ফিজিক্যালি সম্ভব নয়।’ এ বিষয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণে ভারতকে অনুরোধ করা হচ্ছে এবং কনস্যুলার সংলাপ ব্যবহারের চেষ্টা চলছে।

সীমান্ত হত্যা বিষয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, "সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি পৃথিবীর আর কোনো সীমান্তে ঘটে না। আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং শক্ত ভাষায় জানাচ্ছি।"

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল বিষয়ে তিনি বলেন, এতে বাংলাদেশের নির্ভরতা কমেছে। এখন সিলেট থেকে সরাসরি পণ্যবাহী ফ্লাইট যাচ্ছে স্পেনে, যা এক অর্থে ইতিবাচক। পাল্টা ব্যবস্থায় বাংলাদেশও ভারতের সুতা আমদানির সুবিধা বাতিল করেছে।

উন্নয়ন অংশীদাররা নির্বাচনী সময়সূচি জানতে চায় বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে—এ অবস্থান সরকার আন্তর্জাতিক মহলকে জানিয়ে দিচ্ছে।

সৌদি আরবসহ বিভিন্ন দেশের ভিসা সীমিত হওয়া নিয়ে তৌহিদ হোসেন বলেন, "আমরাই দায়ী, বিশেষ করে যারা শ্রমশক্তি রপ্তানি করেন। মালয়েশিয়ার কোনো বিরূপ মনোভাব নেই, সমস্যা আমাদের। এই অনিয়ম থামাতে আমাদের আরও কঠোর হতে হবে।"

0 Comments