Recents in Beach

ব্রেকিং নিউজ

একযুগ পর ছাত্রদল নেতা হত্যার মামলা, এফআইআরের নির্দেশ

সিবি ডেক্স: চাঁদপুরে ছাত্রদল নেতা তাজুল ইসলাম রতন হত্যার ঘটনায় প্রায় একযুগ পর আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী ফারুকুল ইসলাম নিহত ছাত্রদল নেতা তাজুল ইসলামের সহোদর। দুই ভাই চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা।

মামলায় ১৪০ জনকে এজাহারভুক্ত এবং ৩০০-৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, সাবেক মেয়র জিল্লুর রহমান জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সকালে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ ও বিক্ষোভ চলাকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ছাত্রদল নেতা তাজুল ইসলামকে গুলি করে হত্যা করে এবং বিএনপির প্রায় ৩০০ জন আহত হন।

তৎকালীন রাজনৈতিক সহিংসতা ও হুমকির পরিবেশ থাকায় মামলা দায়ের করা সম্ভব হয়নি বলে দাবি করেন বাদী। তিনি জানান, গত ৫ আগস্টের সরকার পতনের পর দেশে বাকস্বাধীনতা ফিরেছে, এজন্য এখন মামলা করতে সক্ষম হয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানী মিল্টন বলেন, প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে ন্যায়বিচার পাওয়ার আশা করছেন তারা।

Post a Comment

0 Comments