জাহাজে রয়েছেন পরিবেশ ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচারসহ ১২ জন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী। তাঁরা গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে এ উদ্যোগে অংশ নিয়েছেন।
জাহাজটি বর্তমানে মিসরের উপকূলীয় শহর রোসেতার উত্তরে অবস্থান করছে। যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে রিমা হাসান সকল দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের এই পথচলা গাজায় অনাহারে মৃত্যুবরণ করা শিশুদের জন্য।”
ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা জাহাজটিকে নিজেদের জলসীমায় প্রবেশ করতে দেবে না। তবে ‘ম্যাডলিন’ জাহাজে থাকা সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে চিকিৎসাসামগ্রী, শিশুদের দুধ ও ডায়াপার, চাল, ময়দা, স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট ও কৃত্রিম অঙ্গ।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ৯০ শতাংশের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে ভুগছেন। অনাহারে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে বহু শিশু।
‘ম্যাডলিন’ জাহাজটির নামকরণ করা হয়েছে গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবীর নামে, যা এই কার্যক্রমের মানবিক ও প্রতীকী মূল্যবোধকে আরও জোরদার করে তুলেছে।
0 Comments