সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরভিত্তিক সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এবং সেভ দ্য চিলড্রেন যৌথভাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বরাবর পাঠানো বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত শিক্ষা কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল লার্নিং সেন্টার বন্ধ থাকবে।’

এই ঘোষণায় ইউনিসেফের প্রতিনিধি অ্যাঞ্জেলা কার্নি এবং সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি মো. গোলাম মোস্তফা স্বাক্ষর করেন। এতে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি অনুকূল হলে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে জানানো হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তে ক্যাম্পে বসবাসরত হাজারো রোহিঙ্গা শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তবে এডুকেশন সেক্টর আশা প্রকাশ করেছে যে, পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই পুনরায় পাঠদান শুরু করা যাবে।

এদিকে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এবং সব সংস্থা যাতে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করে, সেই প্রত্যাশাও করা হয়েছে।