ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

আজ পবিত্র হজ, শনিবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন

সিবি ডেক্স: ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের মহামূল্যবান বার্তা নিয়ে আজ পালিত হচ্ছে পবিত্র হজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখরিত সৌদি আরবের আরাফাতের ময়দান। আর আগামিকাল সৌদি আরবে এবং আগামী শনিবার (৭ জুন) বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা।

বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ লাখ মুসল্লি আজ হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। মিনা থেকে আরাফাত, মুজদালিফা হয়ে তারা হজের দ্বিতীয় রুকন আদায় করবেন। মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ, জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান হজের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। শহুরে মানুষরা নাড়ির টানে ছুটছেন গ্রামের বাড়িতে। যানজট, দীর্ঘপথের ক্লান্তি উপেক্ষা করেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফিরছেন স্বজনদের কাছে।

ঈদুল আজহা শুধু পশু কোরবানির উৎসব নয়, এটি ত্যাগের মহিমায় উদ্ভাসিত দিন। আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে মুসলমানরা পশু কোরবানি দেন। কবি নজরুল লিখেছেন— ‘মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই।’ ঈদের দিন কোরবানির পশুর মাংস তিন ভাগ করে তার এক ভাগ গরিবদের মধ্যে বিতরণ করাও ইসলামের শিক্ষা।

পবিত্র ঈদ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা, পতাকা উত্তোলনসহ নানা সাজে সাজানো হবে। কারাগার, হাসপাতাল, শিশু সদন ও আশ্রয়কেন্দ্রে থাকবে বিশেষ খাবার। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা বিনা টিকিটে জাদুঘর ও শিশু পার্কে ঘুরতে পারবে। সংবাদপত্রগুলো ঈদের তাৎপর্য নিয়ে প্রকাশ করছে বিশেষ নিবন্ধ, টেলিভিশনগুলো প্রচার করছে ঈদ উপলক্ষে সাত দিনের বিশেষ বিনোদন অনুষ্ঠান।

0 Comments