Recents in Beach

ব্রেকিং নিউজ

ঢাকা-দর্শনাগামী এসি বাসে যাত্রী মৃত্যুর অভিযোগ: তীব্র গরম, এসি নষ্ট, কর্তৃপক্ষের অবহেলা

সিবি ডেক্স: ঈদের পরদিন রোববার ঢাকার মাজার রোড থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি এসি বাসে তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় ৬০ বছর বয়সী যাত্রী ওমেদুল ইসলাম মাসুদ এর। যাত্রীরা অভিযোগ করেছেন, বাসের এসি নষ্ট, যান্ত্রিক ত্রুটি এবং পরিবহন কর্তৃপক্ষের অব্যবস্থাপনাই এই মৃত্যুর কারণ।

নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে। ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঈদের পরদিন সকাল ১০টায় এসি বাসে রওনা হন মাসুদ।

যাত্রীরা জানান, বাস ছাড়ার পর থেকেই এসি কাজ করেনি, বরং পদ্মা নদী পার হওয়ার সময় ফেরিতে বাসের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং প্রায় আড়াই ঘণ্টা তীব্র রোদে দাঁড়িয়ে থাকতে হয়। বাসের ভেতরে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীরা এক ধরনের বন্দিশালায় আটকে পড়েন। সহায়তা চেয়েও মাসুদ কোনো সাড়া পাননি এবং এক পর্যায়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

বাসের যাত্রী কাজী মিনহা ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “এটা শুধু একটা ব্যর্থ যাত্রা নয়—এটা ছিল এক ভয়াবহ বিপর্যয়, যা লোভ, অব্যবস্থাপনা আর মানুষের জীবনের প্রতি উদাসীনতার ফলাফল।”

এদিকে বাসটির পরিবহন ম্যানেজার রানা জানান, এসি সমস্যা ঈদের ভিড়ে সারানো সম্ভব হয়নি। তারা সমস্যা জানলেও সময় বাঁচাতে গন্তব্যে চলতে থাকে। তবে একজন মারা যাওয়াকে "দুঃখজনক" বলে মন্তব্য করেন তিনি, এবং বলেন, “অন্য যাত্রীরা ঠিকই ছিলেন, শুধু ওই ব্যক্তিই মারা গেছেন।”

নিহতের ছোট ভাই আসাদুজ্জামান জানান, “গোটা রাস্তায় তীব্র কষ্টে ছিল যাত্রীরা, ভাই আমার সেই কষ্ট সইতে না পেরে মারা গেল। আমি শুধু আল্লাহর কাছে বিচার চাই।”

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি, তবে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Post a Comment

0 Comments