সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে অর্থ পাচার করে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনা আসি আসি করেও আসছেন না, না এলে তাকে ধরে আনা হবে এবং আসার টিকিটও দেওয়া হবে। তিনি দেশে ফিরবেন ঠিকই, তবে হাতে হাতকড়া পরে এবং নিজের অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরি করেছিল, যার ফলে দুর্ভিক্ষ ও বিভাজনের সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটে ৭ নভেম্বর বন্দি জিয়াউর রহমানকে সিপাহি-জনতা মিলে মুক্ত করেছিলেন। জিয়াউর রহমান দেশের বিভাজনের রাজনীতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরও বলেন, যতবার দেশ হুমকির মুখে পড়েছে, ততবার জিয়াউর রহমান ও তার পরিবার জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করেছে। জিয়া পরিবার বারবার দেশের সংকটে জনগণের পাশে দাঁড়িয়েছে। নান্দাইল উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল দেশে এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের নেত্রী নারী, শিশু, মানুষ হত্যা ও গুম করে পালিয়ে গেছেন। আপনারা সবসময় ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকবেন এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। সভার শুরুতে ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের ঘোষণা দেওয়া হলেও কারিগরি ত্রুটির কারণে তা প্রদর্শন করা সম্ভব হয়নি। নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এ জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।
শেখ হাসিনাকে হাতকড়া পরে বিচারের মুখোমুখি হতে হবে বলে ময়মনসিংহের এক জনসভায় মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


0 Comments