কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী মিনি বাসে বসে ইয়াবা পাচারের সময় আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা জনতা পরিবহন নামের একটি যাত্রীবাহী মিনি বাসে এই অভিযান চালানো হয়। আটক আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়া ফাতের ঘোনা এলাকার বাসিন্দা। তার মৃত পিতার নাম আমির হোসেন এবং মৃত মাতার নাম কুলসুমা বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় জানিয়েছে, রামু রাবার বাগানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া বাসটির এ-৩ নম্বর আসনে বসা ছিলেন আব্দুর রাজ্জাক। তার আচরণে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আব্দুর রাজ্জাকের ডান পায়ের হাঁটুর ওপর স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে মোড়ানো চারটি স্বচ্ছ পলি প্যাকেটে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একইভাবে তার বাম পায়ের হাঁটুর ওপর আরও চার হাজার পিস ইয়াবা ছিল। এ ছাড়া পরিহিত লুঙ্গির ডান কোচরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি জিপারলক প্যাকেটে আরও দুই হাজার পিস ইয়াবা লুকানো ছিল। সব মিলিয়ে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন উপপরিচালক সোমেন মন্ডল।
রামুতে যাত্রীবাহী মিনি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক নামের ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


0 Comments