ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অপরাধে আরিফুল ইসলাম নামের এক মসজিদের মক্তব শিক্ষককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে, তার বাবার নাম মো. খবির মোল্যা। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে ভুক্তভোগী শিশুর বাড়ির পাশের একটি মসজিদে ইমামতির পাশাপাশি সকালে মক্তবে শিশুদের পড়াতেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র জানায়, গত ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টি থাকায় মাইকে ডাকাডাকি করা হয়নি। ওই সময় শিশুটি একা মসজিদে গেলে শিক্ষক আরিফুল তাকে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন এবং একপর্যায়ে বীর্যপাত ঘটান। পরবর্তীতে শিশুটি ঘর থেকে বের হয়ে পরিবারকে ঘটনাটি জানালে স্থানীয়রা মসজিদে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া রতন রায় রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, আসামি আদালতে নিজের অপরাধ স্বীকার করায় এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে মক্তব শিক্ষক আরিফুল ইসলামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।


0 Comments