মাদক কারবারিদের প্রতিহত করতে ভয় পেলে রাজনীতি কিংবা কোনো দলের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি স্পষ্ট করে বলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এখন থেকে কোনো মাদক কারবারি বা মাদকসেবীর ঠাঁই হবে না। সামাজিকভাবে তাদের প্রতিহত করে এলাকাছাড়া করতে হবে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক এবং অনলাইন জুয়া প্রতিরোধে এই সমাবেশের আয়োজন করা হয়। রাশেদ খান আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা না করে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্ব কাঁধে নিতে হবে। মাদক কারবারি ও সেবীদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সমাজ ধ্বংসকারী অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি। নারীদের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দিয়ে তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা সমাজ থেকে চিরতরে বন্ধ করতে হবে এবং এর সূচনা পরিবার থেকেই করতে হবে। এছাড়া ইসলামে একাধিক বিয়ের সুযোগ থাকলেও অপ্রয়োজনে বা দায়িত্বহীনভাবে তা করা অনুচিত বলে মন্তব্য করেন তিনি। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, গ্যাস ও জ্বালানি তেলের সংকট একটি জাতীয় সমস্যা হলেও ক্রমান্বয়ে তা কেটে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে দেশের যেকোনো সংকট নিরসনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু। এছাড়া সমাবেশে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবর রহমান মিনি, চিকিৎসক ডা. নুরুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা দলমত নির্বিশেষে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মাদক প্রতিরোধে ভয় পেলে রাজনীতি করার দরকার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশে তিনি এই কথা বলেন।


0 Comments