চট্টগ্রামের লোহাগাড়ায় অপহরণের প্রায় ৯ ঘণ্টা পর স্বরুপ কান্তি দাশ (৫০) নামের এক স্কুলশিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত ছুরি, গামছা ও পাঁচ লাখ টাকার একটি চেকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। রোববার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোলচত্বর এলাকা থেকে তাঁকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স্বরুপ কান্তি দাশ লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় বসবাস করেন। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, রোববার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে লোহাগাড়ার পদুয়া বাজারে পৌঁছালে অস্ত্র দেখিয়ে তাঁকে একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করা হয়। পরে অপহৃত শিক্ষকের মোবাইল থেকে তাঁর স্ত্রী জেলী চৌধুরীকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে কয়েক দফায় ফোন করে তাঁকে মারধরের শব্দ শুনিয়ে মুক্তিপণের অঙ্ক কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করে কেরানীহাটে যেতে বলা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে কেরানীহাট থেকে তাঁকে উদ্ধার করে এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিক উদ্দিন (৫৩) ও নেজাম উদ্দিন (৪৮)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একসময় স্বরুপ কান্তি দাশের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন এবং আর্থিক লেনদেনের বিরোধের জেরে এই অপহরণের পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় অপহরণের নয় ঘণ্টা পর স্বরুপ কান্তি দাশ নামের এক স্কুলশিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


0 Comments