তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইন বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় আজ সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পায়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন। তিনি কপ৩১ সম্মেলনে অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি দেশটিতে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে রয়েছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নিতে অস্ট্রেলিয়ার আরও জোরালো কূটনৈতিক সহায়তা কামনা করেন প্রধানমন্ত্রী। এছাড়া বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে সরকারপ্রধান জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং খাল খননসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানালে তারেক রহমানও সুবিধাজনক সময়ে দেশটি সফরের আশা প্রকাশ করেন।
তুরস্কে কপ৩১ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


0 Comments