নাটোরের সিংড়া উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলার পর বিষপানকারী এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ বছর বয়সী ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূর নাম খাদিজা, তিনি সিংড়া উপজেলার চকসিংড়া মহল্লার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর আসলাম সিকদার তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে খাদিজা বিষপান করেন। পরবর্তীতে স্বজনরা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে এবং ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করতে আসেননি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিষপান করা এক গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক রয়েছেন।


0 Comments