মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফর সামনে রেখে তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ আইন, ২০২১-এর ধারা অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিমকে তাঁর এই সফরকালে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্র আরও বিস্তৃত করতে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্ব সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ। এরই অংশ হিসেবে ডিসেম্বরের বিজয়ের মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় অভ্যর্থনা জানানোর যাবতীয় প্রস্তুতি চলছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর চলতি বছরের জুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথম বিদেশ সফরে দেশটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফর উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার।


0 Comments