জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এবং দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সামান্তা শারমিন জানান, তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন। জামায়াতের সাথে জোট গঠন এবং দলটির নীতিগত অবস্থান নিয়ে তার পূর্বের আপত্তির কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সাথে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। সামান্তা শারমিন বলেন, পদত্যাগ করার জন্য তিনি হয়তো আরও উপযোগী সময়ের জন্য অপেক্ষা করতে পারতেন, তবে তিনি মনে করেন এই অপেক্ষা অর্থহীন। তার মতে, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না বরং বাধা হয়ে দাঁড়াবে। তিনি আরও উল্লেখ করেন, দলের সাথে এতদিন যেসব মতপার্থক্য ও আলোচনা হয়েছে, তা দলের সকলের এবং শুভানুধ্যায়ীদের জানানো প্রয়োজন। পদত্যাগপত্রে তিনি জামায়াত সংস্কার, নির্বাচন, অভ্যুত্থানে নারীর মালিকানা ও অধিকার এবং কাউন্সিল এড়িয়ে এনসিপির পুনর্গঠন নিয়ে নিজের মতামত তুলে ধরেন। বারবার পুনর্বিবেচনার আহ্বান জানানোর পরেও এনসিপি তাদের গতিপথ পরিবর্তনে আগ্রহী না হওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে জানান। ফেসবুক পোস্টে সামান্তা শারমিন আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের প্রয়োজন বিভাজনের রাজনীতির বিপরীতে ঐক্যের রাজনীতি। তরুণদের সামনে এখন চ্যালেঞ্জ হলো এমন একটি রাজনৈতিক ঐক্য নির্মাণ করা, যেখানে ভিন্নমত থাকবে কিন্তু বিভাজন রাজনীতির চালিকাশক্তি হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যকে তা গ্রাস করবে না এবং বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে কোনো বিদেশি শক্তি থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং জামায়াতের সাথে জোট গঠনসহ বিভিন্ন বিষয়ে নিজের মতপার্থক্য ও উদ্বেগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন।


0 Comments