ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ক্ষতিকর রাসায়নিক দিয়ে নকল চকলেট তৈরির কারখানায় অভিযান ও সিলগালা

চট্টগ্রামে ক্ষতিকর রাসায়নিক দিয়ে নকল চকলেট তৈরির কারখানায় অভিযান ও সিলগালা

শিশুদের কাছে জনপ্রিয় চকলেটে ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানোর অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা চুইরগ্গারো বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন। অভিযানে অবৈধভাবে নকল চকলেট তৈরির দায়ে কারখানাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি বিপুল পরিমাণ নকল চকলেট, মোড়ক ও তৈরির উপকরণ জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের বৈধ অনুমোদন বা বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে এই বাড়িতে নকল চকলেট ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করে আসছিল। এসব পণ্যে ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহার করা হতো, যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অভিযানে বিএসটিআইয়ের পরীক্ষক (রসায়ন) শাহরিয়ার কবির টিপু, পরিদর্শক (মেট্রোলজি) এম এ আল নোমান, ফিল্ড অফিসার (সিএম) মো. হাসিবুল হাসান, সহকারী পরিচালক (সিএম) রিগ্যান বৈদ্য, বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাছির এবং স্যানিটারি ইন্সপেক্টর ছৈয়দ আকবর উপস্থিত ছিলেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে পাঁচ কার্টন সফট ক্যান্ডি, পাঁচ লাখ পিস ওটস বার প্যাকেট, এক লাখ ৪০ হাজার পিস মোড়ক, কুমারিকা তেল, ওট চকো সফট মিক্সড ফ্লেভার, সেলেবেস্ট কোকোনাট ফ্লেভার ক্যান্ডি এবং ওটবার ক্রিসপি অ্যান্ড টেস্টিসহ বিভিন্ন পণ্য ও উপকরণ। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং এ ধরনের অবৈধ ও ক্ষতিকর পণ্যের উৎপাদন রোধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংক্ষেপে:
চট্টগ্রামের বাঁশখালীতে ক্ষতিকর রাসায়নিক দিয়ে নকল চকলেট তৈরির দায়ে একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামে ক্ষতিকর রাসায়নিক দিয়ে নকল চকলেট তৈরির কারখানায় অভিযান ও সিলগালা

0 Comments