ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির মূল দলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ আকাশ। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা এই নেতার জীবন এখন চরম সংকটে। তাঁর দুটি কিডনিই বিকল হয়ে গেছে এবং নিয়মিত ডায়ালাইসিস চালিয়েও তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। একটি কিডনি জোগাড় হলেও প্রায় ১৫ লাখ টাকা সংকুলান না হওয়ায় তা প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার পরও দল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
এই অসুস্থ বিএনপি নেতার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে স্বকল্প সমাজ কল্যাণ সংস্থা। তাঁর চিকিৎসা ব্যয় মেটানোর লক্ষ্যে একটি চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যার ড্র অনুষ্ঠান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে আশুলিয়া ইউনিয়ন, শিমুলিয়া ইউনিয়ন, ইয়ারপুর ইউনিয়ন ও ধামসোনা ইউনিয়নের দলগুলো অংশ নেবে।
অসহায় আব্দুল লতিফ আকাশ জানান, দলের জন্য সাধ্যমতো কাজ করলেও আজ জীবনের সবচেয়ে কঠিন সময়ে তিনি একা হয়ে পড়েছেন। চিকিৎসায় প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, অর্থের অভাবে চিকিৎসা না হলে তাকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে। তিনি দল ও সহকর্মীদের কাছে বেঁচে থাকার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
আয়োজকরা এই চ্যারিটি ফুটবল টুর্নামেন্টকে একটি মানবিক উদ্যোগ হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, এটি কেবল একটি খেলা নয়, বরং একজন অসুস্থ মানুষের জীবন বাঁচানোর লড়াই। টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ তাঁর চিকিৎসায় ব্যয় করা হবে। বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক নেতা ও মানবিক মানুষদের এই অসুস্থ নেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সি, ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজীজুল হক মীর, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রধান এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আবুল হোসেন প্রধান, থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব, ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রধান ও ওসমান গনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংগৃহীত তহবিলের মাধ্যমে তাঁর কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দুই কিডনি বিকল হয়ে যাওয়া বিএনপি নেতা আব্দুল লতিফ আকাশের চিকিৎসায় ১৫ লাখ টাকা সংগ্রহের জন্য চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


0 Comments