দীর্ঘদিনের ভোগান্তির পর কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোনারপাড়া-বসুন্ধরা এলাকার একটি কাঁচা গ্রামীণ সড়কে সংস্কারকাজ শুরু হয়েছে। সোমবার ৫ অক্টোবর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনার উপস্থিতিতে সড়কটিতে ডাবল ব্রিক সলিং কাজের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, সংস্কারের অভাবে সড়কটি এতদিন বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হওয়ায় স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে জরুরি রোগী, বয়স্ক ও শিশুদের নিয়ে যাতায়াত করা দুরূহ হয়ে পড়েছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য জাফর আলম। তিনি বলেন, ডাবল ব্রিক সলিংয়ের কাজ শেষ হলে এই পথ দিয়ে মানুষের যাতায়াত সহজ হবে। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান, এই সড়কের কাজ সম্পন্ন হওয়ার পর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে, যাতে বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হতে পারে এবং সড়কটি টেকসই হয়। তবে স্থানীয় বাসিন্দাদের মত, কেবল ইটের সলিং দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়; বরং পানি নিষ্কাশন নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে সড়কটি পাকা করা হলে বর্ষার দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি মিলবে।
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে কক্সবাজারের রামুর কোনারপাড়া-বসুন্ধরা এলাকার কাঁচা সড়কে শুরু হয়েছে ডাবল ব্রিক সলিংয়ের সংস্কারকাজ।


0 Comments