চাঁদাবাজ এবং দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দলের সকল সংসদ সদস্যকে দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আসন্ন দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কঠোর নির্দেশনা প্রদান করেছেন। রোববার ১১ অক্টোবর জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। চিফ হুইপ জানান, বিএনপিতে কোনো চাঁদাবাজ কিংবা দখলদারের স্থান নেই এবং তাদের ছাড় না দিয়ে তাৎক্ষণিক ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়, সেজন্য দলের সব সংসদ সদস্যকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ জানান, বর্তমান সরকার একটি নিরপেক্ষ, অবাধ এবং উৎসবমুখর নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা না হলেও তৃণমূলের সংহতি ও ঐক্য রক্ষায় প্রতি ইউনিয়নে দলের একজনমাত্র একক প্রার্থী রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সুনির্দিষ্ট আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ চূড়ান্ত করবে বলে তিনি উল্লেখ করেন। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চিফ হুইপ মন্তব্য করেন, তিনি যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন এবং এ বিষয়ে নতুন করে আলোচনার কোনো অবকাশ নেই। তবে তিনি দেশে প্রত্যাবর্তন করলেই প্রচলিত আইনি কাঠামোর আওতায় তার বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিফ্রিংয়ের শেষ পর্যায়ে চিফ হুইপ আগামী নভেম্বর মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে পারে বলে গণমাধ্যমকে জানান।
চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


0 Comments