ব্যবহারকারীদের জন্য মেসেজ ব্যবস্থাপনা আরও সুবিধাজনক করতে একটি নতুন লং-প্রেস মেনু চালু করেছে গুগল মেসেজ। গত ১ অক্টোবর থেকে এই আপডেটটি উন্মুক্ত করা হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে নিয়মিত ব্যবহৃত বিভিন্ন অপশন এখন এক জায়গায় পাওয়া যাবে। এছাড়া পুরো মেসেজ কপি না করে নির্দিষ্ট অংশ নির্বাচন করে তা কপি করার নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে। গুগল মেসেজের নতুন লং-প্রেস মেনুটি লাইট ও ডার্ক উভয় মোডেই আরও মসৃণভাবে কাজ করবে এবং এটি ল্যান্ডস্কেপ স্ক্রিনেও ব্যবহার করা যাবে। কোনো মেসেজে লং-প্রেস করলেই রিপ্লাই, ফরওয়ার্ড, কপি, স্টার, ডিলিট, সিলেক্ট মোড এবং ইনফো অপশনগুলো সম্বলিত একটি মেনু উন্মুক্ত হবে। ছবির ক্ষেত্রে এই মেনুতে রিমিক্স ও সেভ করার অপশনও যুক্ত করা হয়েছে। নতুন আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো নির্দিষ্ট অংশ কপি করার সুবিধা। মেসেজের কোনো নির্দিষ্ট অংশ সিলেক্ট করলেই আলাদা একটি মেনু আসবে, যেখানে কপি, ট্রান্সলেট এবং সিলেক্ট অল অপশনগুলো পাওয়া যাবে। কোনো মেসেজ নির্বাচন করার সময় স্ক্রিনে একটি ছোট অ্যানিমেশন এবং হালকা ভাইব্রেশন দেখা যাবে। একই সঙ্গে নির্বাচিত মেসেজটি স্ক্রিনের ঠিক মাঝখানে চলে আসায় ব্যবহারকারীর জন্য তা চিহ্নিত করা সহজ হবে। এদিকে আপডেট পাওয়ার পরও যদি কোনো ব্যবহারকারীর ফোনে ফিচারগুলো সক্রিয় না হয়, তবে তাদের গুগল মেসেজ অ্যাপটি ফোর্স স্টপ করে পুনরায় চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে নতুন আপডেটটি সক্রিয় হয়ে যেতে পারে।
ব্যবহারকারীদের মেসেজ ব্যবস্থাপনা সহজ করতে নতুন লং-প্রেস মেনু চালু করেছে গুগল মেসেজ। আপডেটটিতে নির্দিষ্ট অংশ কপি করার সুবিধাসহ নানা নতুন ফিচার যুক্ত হয়েছে।


0 Comments