ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঐতিহাসিক শহর তুর্কুতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাঙালিদের ঐতিহ্যবাহী মিলনমেলা বাংলাদেশি কালচারাল ডে ২০২৬। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে স্থানীয় সামাজিক সংগঠন তুর্কু বাংলাদেশি অ্যাসোসিয়েশন এই বিশেষ মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। মেলায় আবহমান বাঙালি খাবার, বাঙালি পোশাক ও বাঙালি সংস্কৃতিকে প্রদর্শন এবং চর্চার মাধ্যমে ভিনদেশে নিজের সংস্কৃতিকে তুলে ধরেন ফিনল্যান্ডপ্রবাসী বাংলাদেশিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য ও বিভিন্ন মঞ্চপরিবেশনার মধ্য দিয়ে প্রবাসীরা তুলে ধরেন একটুকরা বাংলাদেশ। অনুষ্ঠান পরিচালনা করেন আদিবা ফারাহ ও জাহিদ লিংকন। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সূচনাপর্বে আয়োজক সংগঠনের দীর্ঘদিনের প্রেক্ষাপট ও সাংগঠনিক রূপরেখা তুলে ধরেন সংগঠনটির সভাপতি খাইরুল ইসলাম। তিনি জানান, তুর্কু শহরে আশি ও নব্বইয়ের দশক থেকে বাংলাদেশিদের সামাজিক তৎপরতা থাকলেও কমিউনিটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২০২৫ সালের ১৮ জুন সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে শতাধিক সক্রিয় সদস্য নিয়ে গঠিত এ সংগঠন নিয়মিত সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সাংস্কৃতিক পর্বের প্রথম আকর্ষণ ছিল শিশুদের পরিবেশনায় বাংলাদেশের ছয় ঋতু শীর্ষক বিশেষ মঞ্চ উপস্থাপনা। এ ছাড়া সাহিত্য ও আবৃত্তি পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ, নিমন্ত্রণ ও আমার বন্ধু কবিতা আবৃত্তি করা হয়। একক কি–বোর্ড ইনস্ট্রুমেন্টাল পরিবেশনার পাশাপাশি লীলাবালি ও রূপবান-এ নাচে গানের সঙ্গে নৃত্য পরিবেশিত হয়। পার্বত্য অঞ্চলের পাহাড়ি সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে পাহাড়ি উৎসব নৃত্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে টিকটকার বান্ধবী নামক একটি একক রম্য নাটিকা মঞ্চস্থ হয়। সংগীতের বিভিন্ন ধাপে তুর্কুর জনপ্রিয় বাংলা ব্যান্ড নামছাড়া কালজয়ী ও জনপ্রিয় বাংলা গান পরিবেশন করে। পাশাপাশি ফিনিশ ভাষার গান কেসায়ো পরিবেশিত হয়। সমাপনী বক্তব্যে আয়োজক সংগঠনের সহসভাপতি মো. আবদুল্লাহ আল সাজ্জাদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসের মাটিতে নিজস্ব সংস্কৃতি, ভাষা ও শিকড়ের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে যুক্ত রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানানো হয়।
ফিনল্যান্ডের তুর্কুতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি কালচারাল ডে ২০২৬। দেশীয় কৃষ্টি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজনের করা হয়।

0 Comments