ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. হাবিবুল্লাহ নামের এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারের পিছু নেওয়ার সময় গাড়িটির ধাক্কায় সড়কে পড়ে আহত হয়েছেন তিনি। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক কালু হাজী রোডের মাথায় এই ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী হাবিবুল্লাহ জানান, দুপুরে চিটাগাং রোডের দশতলা এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে তিনি মোটরসাইকেলে করে মিজমিজি দক্ষিণপাড়ার বাসার দিকে রওনা হন। মৌচাক কালু হাজী রোডের মাথায় পৌঁছানোর পর পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় গাড়ির ভেতরে থাকা তিনজনের একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে তার কাছে থাকা টাকার ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নেয়। এরপর প্রাইভেটকারটি মৌচাক ইউটার্ন ঘুরে চিটাগাং রোডের দিকে চলে যায়। হাবিবুল্লাহ আরও জানান, তিনি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের গাড়িটির পেছনে ধাওয়া করেন। মাদানী নগর মাদ্রাসার সামনে পৌঁছানোর পর প্রাইভেটকারটি তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং পুরো বিষয়টি তদন্ত করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

সংক্ষেপে:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তোলার পর ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের ধাওয়া করার সময় গাড়িচাপায় তিনি আহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই

0 Comments