ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আটজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুনানি পিছিয়ে আগামী ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারিত ছিল। তবে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক রফিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নতুন এই দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১ সেপ্টেম্বর এই মামলায় রায় ঘোষণা না করে মামলাটি রায়ের পর্যায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদেশ দিয়েছিলেন আদালত। এই মামলার অপর আসামিরা হলেন সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম ও লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব। আসামিদের মধ্যে সোহেল রানা এই মামলায় জামিনে থাকলেও একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন এবং শুনানির দিনে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া আসামি মাহবুবুর রহমান ও ফারজানা ইসলাম শুরু থেকে পলাতক রয়েছেন এবং অপর জামিনপ্রাপ্ত আসামিরা আদালতে হাজিরা দেন। বিচার চলাকালে রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন মারা যাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় ১ হাজার ১৩৬ জনের বেশি মানুষ নিহত এবং বহু শ্রমিক আহত হন। ঘটনার পর দুর্নীতি দমন কমিশন ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে অধিকতর তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ১৮ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয় এবং অভিযোগ গঠনের সময় আটজনকে বাদ দিয়ে ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ২০১৭ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হওয়ার পর রাষ্ট্রপক্ষের ২০ সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য প্রদান করেন।
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি পিছিয়ে ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।


0 Comments