শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। মঙ্গলবার এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে হাতাহাতির ঘটনার পর থানায় এই পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনী বিলবোর্ড স্থাপন করতে গেলে জমির মালিক আবু তালেব বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে যান অর্ণবের চাচা আব্দুস সালাম। পরে তাঁকে মারধর করে ফ্যাসিস্ট ও যুবলীগ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতা সাগর ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। মতিউর রহমান সাগর তাঁর ব্যানার ছেঁড়া ও পুড়িয়ে ফেলার অভিযোগ এনে আব্দুস সালামকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের দাবি জানান। তবে পুলিশ সত্যতা না পেয়ে তাঁকে ছেড়ে দিলে সাগর ক্ষুব্ধ হয়ে ওসি আনোয়ার হোসেনকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী আব্দুস সালাম জানান, তাঁর বড় ভাইয়ের জায়গায় সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁর ভাইয়ের ওপর হামলার পর তাঁর বাড়িতেও লোকজন পাঠিয়ে মারধর ও যুবলীগ ট্যাগ দিয়ে আটকের চেষ্টা করা হয়। অভিযোগের বিষয়ে মতিউর রহমান সাগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, অভিযোগ যাচাই করে হাতাহাতির ঘটনায় আব্দুস সালামের সম্পৃক্ততা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ওসিকে হুমকির বিষয়ে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাঁরা যেভাবে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার পর নড়িয়া থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে।


0 Comments