ফ্রান্সের আন্দোলনের প্রভাব পড়ে বেলজিয়ামের ফরাসিভাষী অঞ্চলের লিয়েজ শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। শিক্ষার ব্যয় বৃদ্ধি, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং শিক্ষা উপকরণ পাওয়ার ক্ষেত্রে সমস্যার প্রতিবাদে এই আন্দোলন চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে লিয়েজে চলা বিক্ষোভে সম্পদের ক্ষতি ও অগ্নিসংযোগের অভিযোগে ১০৭ জনকে আটক করা হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আটকের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে, যেখানে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিবেশী ফ্রান্সের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে তারা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ১৯ বছর বয়সী শিক্ষার্থী আলফ্রেড বলেন, তারা একে অপরকে সমর্থন করছেন এবং প্রায় একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করা ১৯ বছর বয়সী অ্যামেলিয়া ডি সালভে জানিয়েছেন, ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন দেখার পর তাদের এই বিক্ষোভ আবার চাঙ্গা হয়েছে। এর আগে চলতি বছরের জুনেও শিক্ষা সংস্কার ও টিউশন ফি বাড়ানোর প্রতিবাদের জেরে রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। এদিকে লিয়েজের মেয়র উইলি ডেমেয়ার পরিস্থিতি দ্রুত শান্ত হবে এবং আলোচনার পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন। বেলজিয়ামের সম্প্রচারমাধ্যম আরটিবিএফকে দেওয়া বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন যে, তরুণেরা শান্তিপূর্ণভাবে তাদের অভিযোগ ও অসন্তোষের কথা তুলে ধরতে পারবেন এবং তাদের উদ্বেগের বিষয়গুলো শোনা হবে।
শিক্ষার ব্যয় বৃদ্ধি ও শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপের প্রতিবাদে বেলজিয়ামের লিয়েজ শহরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী ১০৭ জনকে আটক করা হয়েছে।


0 Comments