ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন দুর্গাপূজায় রেড রোডের ঐতিহ্যবাহী কার্নিভাল বাতিল করা হয়েছে। সোমবার বিকেলে কলকাতার মিলন মেলা ময়দানে পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা জানান। ২০১৬ সাল থেকে চলে আসা এই শোভাযাত্রার পরিবর্তে এবার মহালয়ার দিন ইডেন গার্ডেন স্টেডিয়ামে চার ঘণ্টার একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
বৈঠকে পূজা আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। এবার থেকে রাস্তা বন্ধ করে কোনো পূজা মণ্ডপ তৈরি করা যাবে না এবং বিসর্জনের সময় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রতিমা বিসর্জনের কাজ আগামী ২৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেবীপক্ষ শুরু হওয়ার আগে কোনো পূজার উদ্বোধন করা যাবে না এবং প্যান্ডেল বা থিমে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু করা যাবে না।
আর্থিক অনুদানের বিষয়ে জানানো হয়েছে, যেসব পূজা কমিটির বাজেট ১০ লাখ রুপির বেশি তারা কোনো সরকারি সাহায্য পাবে না। তবে এর চেয়ে কম বাজেটের কমিটিগুলো এক লাখ রুপি করে অনুদান পাবে। এছাড়া জনস্বার্থে অষ্টমীর দিন থেকে রাজ্যের সব মদের দোকান ও পানশালায় মদ বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গে দুর্গাপূজার রেড রোড কার্নিভাল বাতিল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তা বন্ধ করে পূজা আয়োজন ও ডিজে বাজানো নিষিদ্ধসহ একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করা হয়েছে।


0 Comments