হরমুজ প্রণালির সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টার অভিযোগে একটি মার্কিন সামরিক চালকবিহীন স্পিডবোট ড্রোনে (ইউএসভি) হামলা চালিয়েছে ইরান। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় শত্রুপক্ষের যে কোনো তৎপরতার ওপর নিবিড় নজর রাখছে। সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করায় মার্কিন ড্রোনটিতে হামলা চালানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই জলপথ বর্তমানে ইরানের ব্যবস্থাপনায় রয়েছে এবং সেখানে কোনো অনধিকার প্রবেশ বরদাশত করা হবে না।
যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আইআরজিসি বলেছে, এই অঞ্চল ত্যাগ করা এবং তাদের কর্মকাণ্ড বন্ধ করা ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো পথ খোলা নেই। উল্লেখ্য, গত ২৬ মার্চ মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রথমবারের মতো নজরদারি ও আত্মঘাতী হামলার সক্ষমতাসম্পন্ন এই চালকবিহীন স্পিডবোট মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, মেরিল্যান্ডভিত্তিক কোম্পানি 'গ্লোবাল অটোনোমাস রিকোনায়েন্সেস ক্রাফট' এই ড্রোনগুলো তৈরি করেছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছিল, আইআরজিসি মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী ও একটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, মার্কিন জাহাজ দুটি ইরানি জাহাজকে তাড়া করছিল এবং সামুদ্রিক অবরোধের চেষ্টা করছিল। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাহাজ দুটি এলাকা ছেড়ে যায়। আইআরজিসি আরও দাবি করেছে যে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দুটি নৌযানে হামলার বিষয়টি স্বীকার করেছে।
হরমুজ প্রণালির সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টার অভিযোগে একটি মার্কিন সামরিক ড্রোন স্পিডবোটে হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। কৌশলগত এই জলপথে শত্রুপক্ষের যেকোনো তৎপরতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।


0 Comments