কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার জসিমের ঘের নামক স্থানে এই অভিযান চালানো হয়। আটককৃত যুবকের নাম হেলাল মিয়া (২৫)। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মো. সোলেমানের ছেলে। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল জসিমের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে হেলাল মিয়াকে আটক করা হয়, তবে অন্যজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে হেলাল মিয়ার কাছে থাকা দুটি পোটলা থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন। লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দেড় লাখ পিস ইয়াবাসহ হেলাল মিয়া নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।


0 Comments