মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্তের আগে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, মিরপুর সেনানিবাসে ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে অংশ নিতে চলতি বছরের ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর থেকে সেখানে যান নিজাম উদ্দিন। কোর্স চলাকালীন গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এই ঘটনাকে কোর্সের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে গণ্য করা হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডোপ টেস্টে মাদক শনাক্ত হওয়ায় পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মিরপুর সেনানিবাসে একটি কোর্সে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে পরীক্ষায় তার মাদক গ্রহণের বিষয়টি ধরা পড়ে।


0 Comments