ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমের অংশ হিসেবে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই কমিটিগুলো গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। নবগঠিত এই কমিটিগুলোর কোনোটিতেই সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি। জাতীয় সংসদের মোট ৫০টি কমিটির মধ্যে এ পর্যন্ত ৩৬টি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি রয়েছে। এখন পর্যন্ত কেবল সরকারি হিসাব কমিটির সভাপতি পদটি বিরোধী দলকে দেওয়া হয়েছে।
নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন আবদুস সালাম পিন্টু। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবুল খায়ের ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মুন্সী রফিকুল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এ কে এম সেলিম রেজা হাবিবকে সভাপতি করা হয়েছে। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শামছুর রহমান শিমুল বিশ্বাস, নৌপরিবহন মন্ত্রণালয়ে জয়নুল আবদিন ফারুক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে খায়রুল কবির খোকন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মাহমুদা হাবীবা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বরকতউল্লা বুলু এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আবদুল ওয়াদুদ ভূঁঞা দায়িত্ব পেয়েছেন।
একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির বর্তমান সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন বিএনপির আরেক সংসদ সদস্য শাহাদাত হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে শাহাদাত হোসেনকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


0 Comments