কুমিল্লার দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অপব্যবহার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর আয়োজনে চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা এক হাতে সবুজ চারাগাছ এবং অন্য হাতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে সামাজিক অপরাধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয়।
বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মো. মাহবুবুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে শপথ পাঠ করান। ওসি সাজেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, বরং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র দেবনাথ, শিক্ষক তফাজ্জল হোসেন সরকার, শিক্ষানুরাগী মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া এবং লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয় ও স্থানীয় শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
কুমিল্লার দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এক হাতে চারাগাছ ও অন্য হাতে লাল কার্ড নিয়ে তারা উন্নত চরিত্র গঠনের শপথ নেয়।


0 Comments