বিশ্বের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’ শীর্ষক তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। গবেষণা সংস্থা স্ট্যাটাটিসটার সহযোগিতায় তৈরি এই তালিকায় ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক অন্তর্ভুক্ত হয়েছে। বৈশ্বিক এই মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে নিজেদের নাম লিখিয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও আন্তর্জাতিক এই তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফোর্বস জানিয়েছে, শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি ক্যাপিটালের উপাত্ত, প্রাসঙ্গিক গবেষণা এবং ব্যাংকগুলোর নিজস্ব প্রাতিষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রস্তুত করা হয়। মূল্যায়নে প্রধানত চারটি সূচক বিবেচনা করা হয়েছে—মুনাফা অর্জন সক্ষমতা, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, মূলধন ও তহবিলের শক্তি এবং সম্পদের সার্বিক মান ও দক্ষতা। এ ছাড়া সম্পদের পরিমাণের ওপর ভিত্তি করে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ছয়টি পৃথক শ্রেণিতে ভাগ করা হয়েছে।
শ্রেণিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক স্থান পেয়েছে টায়ার-৫ বা ‘লোয়ার মিড-সাইজ ব্যাংক’ বিভাগে, যেখানে ১ হাজার থেকে ২ হাজার কোটি ডলার সম্পদসম্পন্ন ব্যাংকগুলোকে রাখা হয়েছে। তালিকায় থাকা ৫০০ ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংকের বৈশ্বিক অবস্থান ৭৩তম। সাময়িকীটির তথ্যানুযায়ী, ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা এই ব্যাংকে বর্তমানে ৭ হাজার ৪৮৩ জন কর্মী কাজ করছেন।
বৈশ্বিক এই স্বীকৃতি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান জানান, এটি শুধু প্রতিষ্ঠানের একার নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্যই এক বিশাল অর্জন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সুনাম, সুশাসন ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়ে গত বছর বিভিন্ন আর্থিক সূচকে ব্যাংকটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে কর্মী, পরিচালনা পর্ষদ, শেয়ারধারী ও আমানতকারীদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই ধারাবাহিক প্রবৃদ্ধির কারণেই বিশ্বমঞ্চে এমন স্বীকৃতি লাভ সম্ভব হয়েছে।
মার্কিন সাময়িকী ফোর্বসের সেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে ব্র্যাক ব্যাংক। বৈশ্বিক এই তালিকায় ব্যাংকটির অবস্থান ৭৩তম।


0 Comments