ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ছাত্রাবাস ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হলে প্রাণহানির এই সংখ্যা বাড়ে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনো ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, উদ্ধারকাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। এখন পর্যন্ত ১১ জন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এআইআইএমএস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আজ বেলা ১টা ৩৪ মিনিটের দিকে দক্ষিণ ক্যাম্পাস থানায় ভবনধসের খবর আসে। স্থানীয়রা জানান, হোস্টেল ডেজ নামের পাঁচতলা ভবনটি ছেলেদের পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীদের মতে, মূল ভবনের পাশাপাশি পাশের একটি ভবনও ধসে পড়েছে। ভবনে ঠিক কতজন শিক্ষার্থী ছিলেন, তা নিশ্চিত হতে নিবন্ধনের রেকর্ড পরীক্ষা করা হচ্ছে।
উদ্ধার অভিযানে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। তাঁরা এমসিডি কমিশনারের পদত্যাগ দাবি করেছেন।
দিল্লির সত্য নিকেতনে একটি বহুতল ছাত্রাবাস ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপে এখনো অর্ধশত শিক্ষার্থী আটকা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান চালাচ্ছে এনডিআরএফসহ বিভিন্ন সংস্থা।


0 Comments