ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল কেবল ইরানের বিরুদ্ধে নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের বিরুদ্ধেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সোমবার (৩ আগস্ট) রাজধানী তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য সরাসরি ওয়াশিংটন ও তাদের মিত্রদের দায়ী করেন। ইসমাইল বাঘাই বলেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি ব্যবহারের ফলে এই অঞ্চলে অস্থিরতা আরও প্রকট হয়েছে। উদ্ভূত পরিস্থিতির অবনতি রোধে আঞ্চলিক দেশগুলো প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও তিনি মন্তব্য করেন।
ইয়েমেন সংকট প্রসঙ্গে ইরানি এই মুখপাত্র জানান, এটি ইয়েমেনের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় এবং কেবল সংলাপের মাধ্যমেই এর সুষ্ঠু সমাধান সম্ভব। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার সাথে ইয়েমেন ইস্যুকে যুক্ত করার প্রচেষ্টাকে তিনি মূল দায়িত্ব এড়ানোর একটি কৌশল হিসেবে অভিহিত করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে বাঘাই উল্লেখ করেন যে, দুই দেশের আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হয়নি। তবে চীনসহ বেশ কিছু দেশ আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা পালনের চেষ্টা করছে।
তিনি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং প্রয়োজন অনুযায়ী কাতারও সহযোগিতা প্রদান করছে। এছাড়া গত সাত থেকে আট দিন ধরে ওমানের সঙ্গে চলমান আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে ইসমাইল বাঘাই নিশ্চিত করেন। একই সাথে অঞ্চলের ভেতরে ও বাইরের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন সামরিক উপস্থিতি এই অঞ্চলে সংকট বাড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওমানসহ বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে।


0 Comments