বঙ্গভবনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আমন্ত্রিত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানগামী বাসগুলোকে বিকল্প হিসেবে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন প্রবেশ করতে পারবে না।
অন্যদিকে, হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে। বিকল্প পথ হিসেবে জিরো পয়েন্ট, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ও ইত্তেফাক সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ডিএমপি। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।


0 Comments