দিনাজপুরের চিরিরবন্দরে উদ্ধার হওয়া তিনটি কাচের জারের তরল পদার্থ সাপের বিষ বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ১৩ আগস্ট চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় বিজিবির দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ কেজি ৭০০ গ্রাম তরলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, আদালতের নির্দেশে গত বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সংগৃহীত নমুনার রাসায়নিক পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় প্রমাণিত হয় যে, উদ্ধারকৃত তরল পদার্থগুলো প্রকৃতপক্ষে সাপের বিষ। অভিযানে আটক ব্যক্তিরা হলেন চিরিরবন্দরের জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদরের সালাউদ্দিন সাঞ্জু (৪১), ফুলবাড়ীর আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুরের উজ্জ্বল আলী (৫৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য এবং উদ্ধারকৃত বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিজিবির দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, বন্য প্রাণিজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং আন্তসীমান্ত অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দিনাজপুরের চিরিরবন্দরে উদ্ধার হওয়া ৫ কেজি ৭০০ গ্রাম তরল পদার্থ সাপের বিষ বলে নিশ্চিত করেছে বিজিবি। আন্তর্জাতিক চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৩৯ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে।


0 Comments