ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বদলেছে বাজার, সন্তানদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত মার্কিন বিলিয়নিয়ার বাবা-মায়েরা

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বদলেছে বাজার, সন্তানদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত মার্কিন বিলিয়নিয়ার বাবা-মায়েরা

যুক্তরাষ্ট্রের অতিধনী বা শতকোটিপতি পরিবারগুলোতে এখন নতুন এক উদ্বেগ দেখা দিয়েছে। অঢেল সম্পদ থাকা সত্ত্বেও সন্তানদের কর্মসংস্থান এবং আর্থিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এসব বাবা-মায়েরা। ফরচুন ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কর্মক্ষেত্রের দ্রুত পরিবর্তনের কারণে জেন-জি প্রজন্মের তরুণরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনেক কাজ এখন এআইয়ের দখলে চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হওয়া তরুণদের জন্য প্রাথমিক পর্যায়ের চাকরিতে সুযোগ কমেছে এবং প্রতিযোগিতা বেড়েছে।

ইউএস ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাসেন্ট প্রাইভেট ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক টম থিগস জানান, শতকোটিপতিরা সন্তানদের আর্থিক সহায়তা দিতে পারলেও তাদের সফলতার জন্য অর্থের বাইরে আর কী প্রয়োজন, সেটিই এখন বড় প্রশ্ন। একইভাবে অ্যালাইন্ড বাই নিউএজ ওয়েলথের ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিক ডোয়ার উল্লেখ করেন, বর্তমান বাস্তবতা আগের চেয়ে অনেক ভিন্ন। প্রযুক্তি, আইন বা স্বাস্থ্যসেবার মতো একসময়ের নিরাপদ পেশাগুলোতেও এখন চাকরি পাওয়া ও ধরে রাখার লড়াই চলছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্বেগের মূল কারণ কেবল অর্থ নয়, বরং সন্তানদের জীবনের উদ্দেশ্যবোধ, পরিচয় ও আত্মবিশ্বাস। বিপুল সম্পদের কারণে সন্তানদের কাজ করার আগ্রহ কমে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন। সিডার পয়েন্ট ক্যাপিটাল পার্টনার্সের ব্যবস্থাপনা অংশীদার ট্রেন্ট ভন আহসেন জানান, অতিধনী পরিবারগুলোর দুশ্চিন্তা এখন আর্থিক স্থিতিশীলতা নয়; বরং সন্তানকে এমনভাবে গড়ে তোলা যাতে সে চিরকাল বাবা-মায়ের ওপর নির্ভরশীল না থাকে।

এদিকে ডেলয়েটের ২০২৫ সালের এক জরিপে দেখা গেছে, জেন-জি প্রজন্মের মাত্র ৬ শতাংশ তরুণ করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার লক্ষ্য রাখেন। অনিশ্চয়তার কারণে অনেকে প্রথাগত ক্যারিয়ার ছেড়ে কনটেন্ট ক্রিয়েশন, উৎপাদনশিল্প বা কারিগরি পেশার দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতির কারণে অতিধনী পরিবারগুলো এখন সন্তানদের একবারে সব সম্পদ না দিয়ে ধাপে ধাপে হস্তান্তর, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ওপর বেশি জোর দিচ্ছে।

সংক্ষেপে:
অঢেল সম্পদ থাকলেও সন্তানদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্রের শতকোটিপতিরা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরির বাজারের পরিবর্তনের কারণে জেন-জি প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এই নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বদলেছে বাজার, সন্তানদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত মার্কিন বিলিয়নিয়ার বাবা-মায়েরা

0 Comments