বাংলাদেশ চারুশিল্পী পরিষদের উদ্যোগে '৩৬ জুলাই' স্মরণে আয়োজিত গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এর আগে গত ২৪ জুলাই শাহবাগস্থ জাতীয় জাদুঘরে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতায় শিশু, 'ক' ও 'খ'—এই তিনটি বিভাগে মোট ৩১ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবে শিল্পীদের আঁকা গ্রাফিতির ভূমিকা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম জুলাই বিপ্লবের ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।
বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, বিসিএ-এর সভাপতি আবেদুর রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম এবং পরিষদের সেক্রেটারি মফাচ্ছির আহম্মদ ফয়েজী। এছাড়াও অনুষ্ঠানে মনিরুল ইসলাম ও অভিভাবক ইয়াকুব আলী জুলমতীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইব্রাহীম মন্ডল বলেন, শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে এই প্রতিযোগিতার সফল সমাপ্তিতে আমরা আনন্দিত। শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ এবং তাদের সৃজনশীলতা বিকাশে চারুশিল্পী পরিষদ এই ধারা অব্যাহত রাখবে।
৩৬ জুলাই স্মরণে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।


0 Comments