উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি অস্ত্র থাকার দাবি করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অ্যান গায়ু-বেক জানান, পিয়ংইয়ংয়ের কাছে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। এর আগে বুধবার হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, উত্তর কোরিয়ার কাছে ৫৭টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে।
পার্লামেন্টের একটি কমিটিকে অ্যান গায়ু-বেক বলেন, বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী এই সংখ্যাটি সাধারণত ৮০ থেকে ১২০ এর মধ্যে দেখা যায়। তবে প্রকৃত সংখ্যাটি কত হতে পারে, তা ধারণা করার সুযোগ বেশ সীমিত। তিনি আরও স্পষ্ট করেন যে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কাছেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ট্রাম্পের দেওয়া ৫৭টি অস্ত্রের তথ্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন যে, সংখ্যাটি কিছুটা আলাদা মনে হচ্ছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে কথা বলার সময় ট্রাম্প তার এই হিসাব তুলে ধরেন। এদিকে, দক্ষিণ কোরিয়া এখনো উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। প্রতিরক্ষামন্ত্রী জানান, বিপুল পরিমাণ অস্ত্রের তথ্য থাকলেও পিয়ংইয়ংয়ের এই স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। ট্রাম্পের দাবি ৫৭টি হলেও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মতে এই সংখ্যা ১২০ পর্যন্ত হতে পারে।


0 Comments