ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত আরও এক শ্রমিকের মৃত্যু, মোট প্রাণহানি ১০ জন

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত আরও এক শ্রমিকের মৃত্যু, মোট প্রাণহানি ১০ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫০) নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ওই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহত ইদ্রিস আলীর বাড়ি জামালপুর জেলায়। গত শুক্রবার দুর্ঘটনার পর থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম এবং ন্যাশনাল হাসপাতালের উপমহাব্যবস্থাপক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৪ আগস্ট সকালে ‘এমটি রাসি’ নামের একটি পুরোনো জাহাজের ব্যালাস্ট ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকেরা। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হলো। বর্তমানে আরও কয়েকজন শ্রমিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড ওই কারখানার সব কার্যক্রম স্থগিত করেছে। শিল্প মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রাথমিকভাবে হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, ঘটনার চার দিন পর বাতাসে ওই গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা জাহাজের অন্যান্য অংশ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছেন।

এদিকে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত ১২ আগস্ট প্রতিষ্ঠানটির ছাড়পত্রের মেয়াদ শেষ হলেও তারা জাহাজ কাটার কাজ অব্যাহত রেখেছিল। জরিমানার পাশাপাশি ছাড়পত্র নবায়ন না করা পর্যন্ত জাহাজ কাটার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংক্ষেপে:
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট প্রাণহানি বেড়ে ১০ জনে দাঁড়াল।
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত আরও এক শ্রমিকের মৃত্যু, মোট প্রাণহানি ১০ জন

0 Comments