বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ চার দশকের দাম্পত্য জীবনে আসা বিচ্ছেদের মেঘ কেটে গেছে। স্ত্রী সুনীতা আহুজা তাঁর করা বিচ্ছেদের আবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। অভিনেতার ম্যানেজার শশী সিনহা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে, তাঁদের মধ্যে এখন আর বিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই।
২০২৪ সালের ৫ ডিসেম্বর মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। সেই সময় গোবিন্দের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও অবহেলার মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকি এক তরুণী অভিনেত্রীর সঙ্গে গোবিন্দের ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন সুনীতা। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে ছেলে যশবর্ধন আহুজাকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হয়ে আবেদনটি প্রত্যাহার করেন তিনি।
গোবিন্দ ও সুনীতার সম্পর্কের শুরু হয়েছিল কৈশোরে। ১৯৮৭ সালে গোপনে বিয়ে করার পর প্রায় চার বছর তা আড়ালে রেখেছিলেন এই দম্পতি। নব্বইয়ের দশকে গোবিন্দ যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখন থেকেই তাঁদের সংসারে নানা টানাপোড়েনের খবর সামনে আসতে থাকে। মাঝখানে আলাদা থাকার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত আইনি বিচ্ছেদের পথ থেকে সরে এলেন সুনীতা। ম্যানেজার শশী সিনহা বিষয়টিকে ইতিবাচক বললেও পারিবারিক গোপনীয়তা বজায় না থাকায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন।
বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার বিচ্ছেদ হচ্ছে না। দীর্ঘ টানাপোড়েন শেষে বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন সুনীতা। চার দশকের এই সম্পর্কের নতুন মোড়ে স্বস্তি ফিরেছে তাদের পরিবারে।


0 Comments