ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট মন্ত্রী সংসদে অনুপস্থিত থাকলে তার পরিবর্তে নির্ধারিত অন্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালন করবেন। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার মূল দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার অনুপস্থিতিতে পর্যায়ক্রমে তিন মন্ত্রী এই দায়িত্ব পালন করবেন। তারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর (এজেডএম) মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পেয়েছেন ড. আব্দুল মঈন খান। তার অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দায়িত্ব পালন করবেন। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আফরোজা খানম এবং তার বিকল্প হিসেবে থাকবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান, যার অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রশিদউজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রুকে। এই দুই মন্ত্রণালয়ের ক্ষেত্রে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। উল্লেখ্য, গত ২১ আগস্ট মন্ত্রিসভায় নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ ও দপ্তর বণ্টনের পর সংসদীয় কার্যক্রমের এই দায়িত্ব পুনর্নির্ধারণ করা হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন দায়িত্ব বণ্টন করেছে সরকার। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তিন মন্ত্রীকে পর্যায়ক্রমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


0 Comments