রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল ও ৩৪ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বুধবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষখোলা এলাকার মো. মোমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাসান আলী বিশ্বাস (৩৬)।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সদর উপজেলার মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মোমিন মোল্লাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
একই রাতে সোয়া দশটার দিকে গোয়ালন্দ উপজেলার জলিল মেম্বার ব্রিজের কাছে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখান থেকে হাসান আলীকে গ্রেপ্তার করে র্যাব। তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার বিকেলে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় র্যাব-১০ এর অভিযানে বিদেশি সাব-মেশিনগান ও পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র।


0 Comments