রাজধানীর বনানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায় গত রবিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘লিডারশিপ, ইউনিটি অ্যান্ড এক্সিলেন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের পর্যটন ও আতিথেয়তা খাতকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার পর্যটনবান্ধব শিল্প গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে আগ্রহী। দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
নবনির্বাচিত সভাপতি নাসের রহমান, এমপি বলেন, বাংলাদেশের আতিথেয়তা শিল্প এখন দ্রুত বিকাশের পথে। এই অগ্রযাত্রাকে শক্তিশালী করতে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা, দক্ষ জনবল তৈরি এবং টেকসই পর্যটন অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি খালেদ উর রহমান আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব শিল্পের নীতিগত উন্নয়ন ও সদস্যদের মধ্যে শক্তিশালী সমন্বয় নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিহার প্রশাসক মো. সাজেবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয় ও বাণিজ্য সংগঠন পরিদপ্তরের প্রতিনিধিরা এবং দেশের বিভিন্ন আন্তর্জাতিক ও বিলাসবহুল হোটেলের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও উদ্যোক্তারা।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে আধুনিক আতিথেয়তা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। বিহা দেশের হোটেল শিল্পের স্বার্থ রক্ষায় এবং পর্যটনবান্ধব নীতি প্রণয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পর্যটন ও আতিথেয়তা শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।


0 Comments