কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, শুধু এজাহারভুক্ত আসামি নয়, বরং এই হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল পাশা, নিহতের চাচা ফরিদ আহমেদ এবং ছোট ভাই আলমগীর শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ জানান, জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে মিঠামইনে নিজ বাসভবনের সামনে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন জাহিদুল আলম জাহাঙ্গীর। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৮ জুলাই নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


0 Comments