বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন চারজন সংসদ সদস্য যুক্ত হচ্ছেন এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সূত্র অনুযায়ী, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয় এবং সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। মোহাম্মদ শামীম কায়সার লিংকন পাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করার বিষয়ে আলোচনা চলছে। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্য অথবা কৃষি মন্ত্রণালয়ে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন চারজন সদস্য যুক্ত হচ্ছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করবেন।


0 Comments