ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের সরবরাহ ব্যবস্থা ও গুদামগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। গত তিন সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রায় ২০টি স্থাপনায় ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও বিপুল পরিমাণ পণ্য ধ্বংসের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভিন্ন এলাকায় ওয়াইল্ডবেরিজের গুদাম লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে অন্তত ১১ লাখ ৮০ হাজার বর্গমিটার আয়তনের গুদামঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট গুদাম সক্ষমতার এক-পঞ্চমাংশের বেশি।
মস্কোর একটি পণ্য সংগ্রহকেন্দ্রের পরিচালক ভাসিলি ক্লিমভ এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, হামলার আগে তার কেন্দ্রে দৈনিক প্রায় ৪০০টি পার্সেল আসত, যা এখন কমে ১৫০টিতে দাঁড়িয়েছে। আর্থিক সংকটের কারণে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়ায় তিনি এটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্রেতা না পেয়ে রসিকতা করে মাত্র ১ রুবেলে বিক্রির প্রস্তাব দিয়েছেন। রাশিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোতে ওয়াইল্ডবেরিজের প্রায় ৯৮ হাজার সংগ্রহকেন্দ্র রয়েছে, যেগুলোর মাধ্যমে মোট অর্ডারের ৯৫ শতাংশ গ্রাহকের কাছে পৌঁছায়। ইউক্রেন জানিয়েছে, সাধারণ রুশ নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব পৌঁছে দেওয়া এবং মস্কোর যুদ্ধব্যয় বাড়ানোই এই হামলার লক্ষ্য। তবে রাশিয়া ও ওয়াইল্ডবেরিজ কর্তৃপক্ষ দাবি করেছে যে, তারা রুশ সেনাবাহিনীকে কোনো পণ্য সরবরাহ করে না।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের ২০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।


0 Comments