সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত এক সপ্তাহের এই অভিযানে মোট ১৪ হাজার ২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে ৬ হাজার ৯০০ জন আবাসন আইন, ৩ হাজার ৯৮২ জন সীমান্ত নিরাপত্তা বিধি এবং ৩ হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপীয়, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টার সময় আটক হয়েছেন আরও ৩৮ জন।
অভিযানে আইন লঙ্ঘনকারীদের আশ্রয় প্রদান, পরিবহন সুবিধা দেওয়া বা নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে প্রায় ৩১ হাজার ৯২২ জন ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী। ইতোমধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের সহায়তা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারীদের আশ্রয় বা পরিবহন সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইতোমধ্যে অনেককে বহিষ্কার করা হয়েছে।


0 Comments