ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের তিন সদস্যের মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় দেবাশীষের বাসভবনে মরদেহগুলো আনা হয়। এসময় স্বজনদের আহাজারিতে সেখানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।
নিহতরা হলেন—দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৮), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৯), তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন (৬৪)। গত মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁরা মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট চিকিৎসার উদ্দেশ্যে তাঁরা ভারতে যান। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে দেশে ফেরার আগে কেনাকাটার জন্য তাঁরা কলকাতায় অবস্থান করছিলেন। বুধবার তাঁদের দেশে ফেরার কথা থাকলেও মঙ্গলবার রাতের ওই অগ্নিকাণ্ডে সব শেষ হয়ে যায়।
শনিবার রাতেই ধর্মীয় রীতি মেনে দেবাশীষ দত্ত ও তাঁর শিশুপুত্র স্বর্ণশীষ দত্তের সৎকার সম্পন্ন করার কথা রয়েছে। অন্যদিকে, দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম হোসেনকে কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হবে। সাংবাদিক দেবাশীষের এমন অকাল মৃত্যুতে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছেছে। শনিবার রাতে মরদেহগুলো বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।


0 Comments